• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ এএম


রাখাল থেকে বিশ্বকাপের মহাতারকা, ইরানের বেইরানভান্দে মুগ্ধ ফুটবল বিশ্ব

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ৫:৪২ পিএম

বিশ্বকাপের সবচেয়ে অবমূল্যায়িত দল হিসেবে ইরানের নাম এখন অনেকেই উচ্চারণ করছেন। তবে মাঠের পারফরম্যান্সে তারা প্রমাণ করে চলেছে, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করার পর এবার বেলজিয়ামের মতো শক্তিশালী দলকেও রুখে দিয়েছে তারা।সোমবার (২২ জুন) রাতে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ।

পাহাড়ে পশু চরানো এক রাখাল থেকে বিশ্বমঞ্চের নায়ক হয়ে ওঠার তার গল্প যেন রূপকথাকেও হার মানায়।বেলজিয়ামের বিপক্ষে ইরানের রক্ষণভাগকে দুর্ভেদ্য করে তুলেছিলেন বেইরানভান্দ। পুরো ম্যাচে তিনি একাই করেছেন ৭টি সেভ।

এর মধ্যে কয়েকটি ছিল অবিশ্বাস্য মানের, যা বেলজিয়ামের আক্রমণভাগকে হতাশ করে দেয় বারবার।বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছিল ইরান। আর দ্বিতীয় ম্যাচে বেইরানভান্দের অনবদ্য নৈপুণ্যে থেমে যায় বেলজিয়ামের আক্রমণও।ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালায় বেলজিয়াম।

গোলের উদ্দেশে তারা নেয় ২৩টি শট। কিন্তু ইরানের রক্ষণদুর্গ এবং গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা বেইরানভান্দকে ভেদ করতে পারেনি কেউই।ম্যাচ শেষে সতীর্থদের উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু ছিলেন এই গোলরক্ষক। স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দী করে রাখেন তারাও।ইরানের লোরেস্তান প্রদেশের খোররামাবাদ অঞ্চলে জন্ম আলিরেজা বেইরানভান্দের। তিনি একটি যাযাবর (নোমাডিক) কুর্দি লাক পরিবারে বেড়ে উঠেছেন।

শৈশবে পরিবারের পশুপালনের কাজে সাহায্য করতেন তিনি। ইরানের পাহাড়ি অঞ্চলে একজন রাখাল হিসেবেই শুরু হয়েছিল তার জীবনসংগ্রাম।সেই পাহাড়ি জনপদ থেকে উঠে এসে আজ বিশ্বকাপের মঞ্চে নিজের নাম লিখিয়েছেন তিনি। বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর বেইরানভান্দ এখন শুধু ইরানের নয়, বিশ্ব ফুটবলেরও অন্যতম আলোচিত নাম।

/বিএসএস