আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়া। বিশ্বকাপের ওই ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ফিফার রেফারি কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে দলটি।শুক্রবার রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সূত্র। অভিযোগপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রথমার্ধের একটি বিতর্কিত ঘটনার কথা।
আলজেরিয়ার দাবি, সেই সময় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তাদের অধিনায়ক আইসা মান্দির পায়ের কাফে পা দিয়েছিলেন।ঘটনার পর গ্যালারিতে থাকা আলজেরিয়ার সমর্থকরা মেসিকে লাল কার্ড দেখানোর দাবি জানান। তবে ম্যাচের রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি।
বরং ম্যাচে পূর্ণ সময় খেলেই হ্যাটট্রিক করেন মেসি এবং আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সিমন মার্চিনিয়াক। উল্লেখযোগ্যভাবে, ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
/বিএসএস