সংগৃহীত ছবি
দেশের ক্রীড়াক্ষেত্রকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করতে স্পোর্টস ডিপ্লোমেসি বা ক্রীড়া কূটনীতির পথে হাঁটছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
গত রোববার (৩ মে) রাজধানীর মতিঝিলে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “স্পোর্টস ডিপ্লোমেসি’র মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন, এই কার্যক্রমে জাইমা রহমান যুক্ত হলে তা দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন।
তিনি জানান, ক্রীড়া কূটনীতি কার্যক্রমকে এগিয়ে নিতে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক স্পোর্টস উইং চালু করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের মাধ্যমে দেশের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিদ্যমান সীমাবদ্ধতা দূর করাই সরকারের লক্ষ্য।
জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্থিক সংকটে পড়লে সরকার আলোচনা সাপেক্ষে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
/এইচটি