বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার পরাজয়ের পর গভীর হতাশায় ভেঙে পড়েছেন দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচজুড়ে স্পেনের ১১টি শট প্রতিহত করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি ৩৩ বছর বয়সী এই গোলকিপার। সেই হতাশার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় আর্জেন্টিনার হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন তিনি।
মার্তিনেজ লিখেছেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম, আমরা আবারও বিশ্বকাপ জিতব। আমি স্বপ্ন দেখেছিলাম, ট্রফিটা আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনব এবং নতুন ইতিহাস গড়ব। কিন্তু সত্যি বলতে, এই কষ্ট ভাষায় প্রকাশ করা খুব কঠিন।’
২০২২ বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষক এরপর জানান, সামনে কীভাবে এগিয়ে যাবেন, তা নিয়ে এখন ভাবার সময় এসেছে। একই সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে নিজের পথচলারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।
তিনি লেখেন, ‘এখন অনেক কিছু নিয়ে ভাবার সময় এসেছে, কিভাবে সামনে এগিয়ে যাব। এটাই সরে দাঁড়ানোর সঠিক সময় কি না, সেটাও ভাবতে হবে। আমি সত্যিই খুব দুঃখিত। দেশের জন্য এবং আমার সতীর্থদের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’
২০২১ সালের ৩ জুন দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছিল এমিলিয়ানো মার্তিনেজের। এরপর থেকে তিনি জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
লিওনেল মেসিসহ সতীর্থদের কাছে মার্তিনেজ শুধু একজন দুর্দান্ত গোলকিপারই নন, বরং দলের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি করা এবং সবাইকে অনুপ্রাণিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
বিশ্বকাপ ফাইনালের পর তার এই আবেগঘন বার্তা আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে জাতীয় দল থেকে অবসরের বিষয়ে তিনি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
/এসএন