২০২৬ ফুটবল বিশ্বকাপ জয়ের পর নিজ দেশে ফিরতেই বীরের সংবর্ধনা পেল স্পেন জাতীয় ফুটবল দল। রাজধানী মাদ্রিদের রাজপথে বিশ্বচ্যাম্পিয়নদের এক নজর দেখতে নেমে আসে আনুমানিক ১৮ লাখ মানুষ, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ক্রীড়া উদযাপনগুলোর একটি।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের একদিন পরই দেশে ফেরে স্পেন দল। বিমানবন্দর থেকে প্রথমে খেলোয়াড়রা রাজা ষষ্ঠ ফেলিপে ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর একটি খোলা ছাদযুক্ত বাসে করে মাদ্রিদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা।
বাসটির গায়ে লেখা ছিল “Stars Shine Together”। লাল-হলুদ পতাকা হাতে লাখো সমর্থক সড়কের দুই পাশে দাঁড়িয়ে করতালি, স্লোগান ও উল্লাসে বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানান। উদযাপনের কেন্দ্রবিন্দু ছিল ঐতিহাসিক সিবেলেস স্কয়ার, যেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন সমর্থকেরা।
অনুষ্ঠানে একে একে খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সমর্থকদের সামনে আবারও বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেন তারা। কোচ লুইস দে লা ফুয়েন্তে এই অর্জনকে পুরো স্পেনের গর্ব বলে উল্লেখ করেন।
এই শিরোপার মাধ্যমে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল স্পেন। পাশাপাশি ২০২৩ সালে নারী বিশ্বকাপ জয়ের পর এখন পুরুষ ও নারী—দুই বিভাগের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদাও একসঙ্গে ধরে রাখল দেশটি।
/বিএসএস