বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে স্পেনের লেফট-ব্যাক মার্ক কুকুরেয়া মাঠের ঘাসের নিচে একটি মুদ্রা পুঁতে রেখেছিলেন। বিশ্বকাপ জয়ের পর স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার জোয়ান ক্যাপদেভিলা এই তথ্য প্রকাশ করেছেন।
রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে স্পেন। ম্যাচে কুকুরেয়া স্প্যানিশ রক্ষণভাগের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এবং পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখেন।
বিশ্বকাপ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ক্যাপদেভিলা জানান, ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের আগেও তিনিও একইভাবে মাঠের ঘাসের নিচে একটি মুদ্রা পুঁতে রেখেছিলেন। এবার তিনি কুকুরেয়াকেও একই কাজ করার পরামর্শ দেন।
নিজের পোস্টে ক্যাপদেভিলা লেখেন, “২০১০ সালের ফাইনালের আগে আমি একটি মুদ্রা মাঠের ঘাসের নিচে পুঁতে রেখেছিলাম। এবারও আমি কুকুরেয়াকে একই কাজ করতে বলেছিলাম। অভিনন্দন মার্ক, তুমি এখন বিশ্বচ্যাম্পিয়ন।”
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচ শুরুর আগে কুকুরেয়া মাঠের এক পাশে গিয়ে গোপনে ঘাসের নিচে একটি ছোট মুদ্রা রেখে আসেন।
যদিও এই ধরনের রীতির পক্ষে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তবুও ক্যাপদেভিলা ও কুকুরেয়া এটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিশ্বাস করেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১০ সালের মতো ২০২৬ সালের বিশ্বকাপেও অতিরিক্ত সময়ের গোলে শিরোপা জেতে স্পেন। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল স্পেন। আর এবার নিউ জার্সিতে ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় লা রোজা।
সূত্র: এক্সে জোয়ান ক্যাপদেভিলার পোস্ট
/এএসএফ