৪৮ দল নিয়ে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আসরে শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজমানিও ঘরে তুলেছে স্প্যানিশরা।
শুধু চ্যাম্পিয়ন ও রানার্সআপ নয়, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই তাদের পারফরম্যান্স অনুযায়ী অর্থ পুরস্কার পেয়েছে।
টুর্নামেন্ট শুরুর আগে ফিফা মোট প্রাইজমানি ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ বিশ্বকাপের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয় ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩.১২ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা।
বিশ্বচ্যাম্পিয়ন স্পেন প্রাইজমানি হিসেবে পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকা। অন্যদিকে রানার্সআপ আর্জেন্টিনা পাচ্ছে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যার পরিমাণ প্রায় ৪০৬ কোটি টাকা।
তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডের জন্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৭ কোটি টাকা। আর চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩৩২ কোটি টাকা।
এ ছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল প্রত্যেকে প্রায় ২৩৩ কোটি টাকা করে পাবে। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দলের প্রত্যেকের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ১৮৪ কোটি টাকা।
অন্যদিকে শেষ ৩২ পর্ব থেকে বিদায় নেওয়া ১৬টি দল প্রত্যেকে প্রায় ১৩৫ কোটি টাকা করে পাবে।
গ্রুপ পর্ব থেকেই যারা বিদায় নিয়েছে, তাদের জন্যও রেখেছে সান্ত্বনা পুরস্কার। এ পর্যায়ে বিদায় নেওয়া প্রতিটি দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১১০ কোটি টাকা।
/এসএন