• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ এএম


গোল্ডেন বল-গ্লাভ স্পেনের, গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে, সিলভার বল মেসির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুলাই ২০২৬ ৪:৩১ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের মঞ্চেও আধিপত্য দেখিয়েছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের গোল্ডেন বল, সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভ এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার—সবই গেছে স্প্যানিশ ফুটবলারদের দখলে। অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপের শুরু থেকেই গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর শেষ পর্যন্ত এই দুটি পুরস্কারের কোনোটিই জেতা হয়নি তার।

তবে ব্যক্তিগত অর্জনের তালিকায় খালি হাতে ফেরেননি আর্জেন্টাইন মহাতারকা। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, টুর্নামেন্টের দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে সিলভার বল পুরস্কার পেয়েছেন মেসি।

এবারের বিশ্বকাপে ৮ ম্যাচে ১০ গোল করে টানা দ্বিতীয় আসরে গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। তিনিই প্রথম ফুটবলার হিসেবে পরপর দুই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের কীর্তি স্থাপন করলেন। গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে, যিনি টুর্নামেন্ট শেষ করেছেন ৮ গোল নিয়ে।

অন্যদিকে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। পুরো টুর্নামেন্টে মাঝমাঠে ধারাবাহিক ও নেতৃত্বপূর্ণ পারফরম্যান্স উপহার দিয়ে স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। এর আগে তিনি ২০২৩ সালে ব্যালন ডি’অর এবং ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

ফাইনালে গোল করতে না পারলেও পুরো বিশ্বকাপজুড়ে দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসি। ৮ ম্যাচে ৮ গোল করার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলতে নেতৃত্ব দেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার দুটি অ্যাসিস্টের সুবাদেই নাটকীয় জয় পেয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে তার নেতৃত্ব, প্রভাব এবং ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তার হাতে উঠেছে সিলভার বল।

এর আগে ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। এবার তিনি বিশ্বকাপ অভিযান শেষ করলেন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা খেলোয়াড়ের স্বীকৃতি নিয়ে। অন্যদিকে তৃতীয় সেরা খেলোয়াড় হিসেবে ব্রোঞ্জ বল জিতেছেন কিলিয়ান এমবাপ্পে।

সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভ জিতেছেন স্পেনের উনাই সিমন। পুরো টুর্নামেন্টে তিনি মাত্র একটি গোল হজম করেছেন। ৮ ম্যাচে ৭টি ক্লিন শিট রেখে স্পেনের রক্ষণকে দুর্ভেদ্য করে তুলেছিলেন এই গোলরক্ষক।

এদিকে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্পেনের ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাও কুবার্সি। বার্সেলোনার এই সেন্টার-ব্যাক বিশ্বকাপে প্রতিটি মিনিট মাঠে ছিলেন এবং স্পেনের রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ফাইনালেও তার নেতৃত্বে স্প্যানিশ রক্ষণ আর্জেন্টিনার আক্রমণভাগকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে।

/এসএন