• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম


ফাইনালে আর্জেন্টিনাকেই চান স্পেন কোচ?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ৭:০৬ এএম

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে জায়গা করে নেওয়ার পর উচ্ছ্বাসে ভাসছে পুরো স্পেন। তবে উৎসবের এই আবহেও শান্ত ও সংযত ছিলেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যাচ শেষে তিনি ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনা ও ইংল্যান্ডকে নিয়ে নিজের ভাবনার কথা জানান।

সেমিফাইনালের চার দল সম্পর্কে দে লা ফুয়েন্তে বলেন, আগেই তিনি মনে করেছিলেন স্পেন-ফ্রান্স ম্যাচটি এক ধরনের আগাম ফাইনাল। একইভাবে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইকেও তিনি আরেকটি আগাম ফাইনাল হিসেবে দেখছেন।

তার ভাষায়, “এমনি এমনি তো ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা চার দল একে অপরের মুখোমুখি হয়নি। ইতিহাসে এমনটা আগে ঘটেনি। এটিই প্রমাণ করে এবারের বিশ্বকাপে ফুটবলের মান কতটা উঁচু।”

ফাইনালে কাকে প্রতিপক্ষ হিসেবে বেশি চান—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খেলার বিচারে তার কোনো পছন্দ নেই। তবে আবেগের জায়গা থেকে আর্জেন্টিনার সঙ্গে খেলতে আগ্রহী।

দে লা ফুয়েন্তে বলেন, “আমরা কোনো পছন্দ-অপছন্দের অবস্থানে নেই। দুই দলেরই নিজস্ব শক্তি ও বৈশিষ্ট্য রয়েছে। তবে লিওনেল স্কালোনির সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে আমার আলাদা আগ্রহ আছে।”

তবে সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের প্রতি নিজের সম্মানও প্রকাশ করেন স্প্যানিশ কোচ।

তিনি বলেন, “ইংল্যান্ডের ফুটবল সামর্থ্যকে আমি অনেক শ্রদ্ধা করি। বিশ্বকাপ শুরুর আগেই আমি তাদের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল বলেছিলাম। দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে। তবে ফাইনালে যে দলই আসুক, আমরা তাদের খোলা মনেই স্বাগত জানাব।”

নিজেদের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট দে লা ফুয়েন্তে। তার মতে, স্পেন বিশ্বের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সকে হারিয়েছে।

তিনি বলেন, “আজ আমরা হয়তো বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তাদের সামনে ছিল বিশ্বের সেরা দল।”

স্প্যানিশ ফুটবলের প্রশংসা করে তিনি আরও বলেন, “আমি সবসময়ই বিশ্বাস করি, বিশ্বের সেরা ফুটবলাররা স্পেনেই আছে। আক্রমণ ও রক্ষণ—দুই ক্ষেত্রেই তারা অসাধারণ ভারসাম্য ধরে রাখতে পারে। এটি শুধু খেলোয়াড়দের নয়, আমাদের কোচ, ক্লাব এবং পুরো ফুটবল ব্যবস্থার অর্জন। আমাদের এই সম্পদের মূল্য বুঝতে হবে।”

/এএসএফ