২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে মাঠে নেমেই ইতিহাস গড়লেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার কানাডার টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে জায়গা করে নিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামা আউটফিল্ড খেলোয়াড়ের নতুন রেকর্ড গড়েছেন তিনি।
৪১ বছর ৪ মাস ২৭ দিন বয়সে এই কীর্তি গড়েন রোনালদো। এর আগে এই রেকর্ড ছিল বসনিয়া ও হার্জেগোভিনার স্ট্রাইকার এডিন জেকোর দখলে। চলতি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পর জেকোর সেই রেকর্ড ভেঙে দেন পর্তুগিজ অধিনায়ক।
রোনালদো বিশ্ব ফুটবলের ইতিহাসে ছয়টি বিশ্বকাপ খেলা মাত্র তিনজন ফুটবলারের একজন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পর্তুগালকে একটি উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুটি উয়েফা নেশনস লিগের শিরোপা উপহার দিয়েছেন।
বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে শুরুর একাদশে নামা খেলোয়াড়দের তালিকায় রোনালদোর পরেই রয়েছেন তার প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। ম্যাচের দিন তার বয়স ছিল ৪০ বছর ২৯৬ দিন।
তৃতীয় স্থানে রয়েছেন এডিন জেকো, যিনি ৪০ বছর ১০৬ দিন বয়সে বিশ্বকাপের নকআউট ম্যাচে খেলেছিলেন। আর চতুর্থ স্থানে আছেন পর্তুগালের সাবেক ডিফেন্ডার পেপে। ২০২২ বিশ্বকাপে ৩৯ বছর ২৮৩ দিন বয়সে নকআউট পর্বে শুরুর একাদশে নেমেছিলেন তিনি।
রোনালদোর নতুন এই কীর্তি আরও একবার প্রমাণ করল, চার দশক পেরিয়েও সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার অসাধারণ সামর্থ্য এখনো ধরে রেখেছেন তিনি।
সূত্র: এএফপি
/এএসএফ