হাসনাত আবদুল্লাহ
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন— “পশ্চিমবঙ্গে কে জিতলো তাতে কিছু আসে যায় না। আমরা চাইলে পাঁচ মিনিটে পশ্চিমবঙ্গ দখল করতে পারি।”
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, হাসনাত আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছে সংস্থাটি।
বিষয়টি যাচাই করে দেখা যায়, একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে বাস্তব বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়া হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও এ ধরনের বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
অনুসন্ধানে আরও জানা যায়, আলোচিত ফটোকার্ডটি প্রথম প্রকাশ করা হয়েছিল ‘গুপ্ত টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজ থেকে। গত ৫০ মে পোস্টটি প্রকাশ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পেজটির পরিচিতি অংশে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এটি একটি “Satire & Parody platform” এবং তাদের সব ধরনের কনটেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়।
পেজটি পর্যালোচনা করে একই ধরনের আরও অনেক ব্যঙ্গাত্মক ও রসাত্মক পোস্ট পাওয়া গেছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত ফটোকার্ডটিও কৌতুক ও ব্যঙ্গের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল।
রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, “পশ্চিমবঙ্গে কে জিতলো তাতে কিছু আসে যায় না। আমরা চাইলে পাঁচ মিনিটে পশ্চিমবঙ্গ দখল করতে পারি”— শিরোনামে হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, সেটি সম্পূর্ণ ভুয়া এবং মনগড়া।