সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানিয়ে আলোচনায় আসা শেরপুরের বৃদ্ধ সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম আর নেই। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। ওই দিন বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় নূরজাহান শয্যাশায়ী ছিলেন। রোববার দুপুরে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে নূরজাহানের কোমরের হাড় ভেঙে যায়। এরপর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। আর্থিক সংকটের কারণে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। অসুস্থ স্ত্রীর দেখাশোনার পাশাপাশি খাবার, ওষুধ ও সংসারের অন্যান্য খরচ জোগাতে হিমশিম খেতে হতো বৃদ্ধ সাজু শেখকে।প্রায় ৬৫ বছরের দাম্পত্য জীবনে তাঁদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম হয়। মেয়েদের বিয়ে হয়ে গেছে। পরিবারের তথ্য অনুযায়ী, সন্তানদের কাছ থেকে নিয়মিত আর্থিক সহায়তা পাওয়াও তাঁদের জন্য কঠিন ছিল। এক ছেলে করোনাকালে নিরুদ্দেশ হয়ে যান বলে জানিয়েছেন স্বজনেরা। অন্য এক ছেলে ঢাকায় রিকশা চালান এবং বছরে এক-দুবার বাড়িতে আসেন।কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অসহায় এই বৃদ্ধ দম্পতির দুর্দশার বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। তাঁদের দুরবস্থার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি তাঁদের জন্য সহায়তাও পৌঁছে দেওয়া হয়।শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, বৃদ্ধ দম্পতির অসহায়ত্বের খবর পাওয়ার পর তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের বসবাসের জন্য একটি ঘরের নির্মাণকাজও প্রায় শেষ পর্যায়ে ছিল। এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবারটিকে সহযোগিতা করেছে। নূরজাহান বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেন জেলা প্রশাসক।দীর্ঘদিন অসুস্থতা ও আর্থিক সংকটের সঙ্গে লড়াই করে জীবনের শেষ সময় পার করেছেন নূরজাহান বেগম। তাঁর মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারিয়ে এখন নিঃসঙ্গ হয়ে পড়েছেন বৃদ্ধ সাজু শেখ।
/বিএসএস