বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর ইতালির রাজধানী রোমে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বনি আমিনকে ঘিরে ধস্তাধস্তি করছেন। একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে ধাওয়া করেন। পরে রাস্তার পাশে একটি পার্ক করা গাড়ির সামনে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। একই সঙ্গে তারা বারবার বনি আমিনকে ‘মৌলবাদী’ বলে সম্বোধন করেন।
এ ঘটনায় হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে ভিডিওটি প্রকাশের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় জন্ম নেওয়া বনি আমিন বর্তমানে অস্ট্রেলিয়ার নাগরিক। বিশ্বের ৮০টিরও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি নিয়মিত ভ্রমণভিত্তিক ও সমসাময়িক নানা বিষয়ে কনটেন্ট তৈরি করে পরিচিতি পেয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
/এএসএফ