• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০১:৩৯ এএম


“ফেসবুক পোস্টে তোলপাড়! নবীজী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার”

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ১২:০৬ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ঢাকার নবাবগঞ্জ থেকে আমিনুর শাহ নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহার সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, আমিনুর শাহ নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকার চান মিয়া বয়াতির ছেলে। গত রোববার তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে এবং তার শাস্তি দাবি করে বহু মানুষ প্রতিক্রিয়া জানান।
এ ঘটনায় সোমবার রাত ৯টার দিকে স্থানীয় কিছু লোক আমিনুর শাহর বাড়ি ঘেরাও করে বলে জানা গেছে। পরে তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও তওবা করলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
তবে মঙ্গলবার সকালে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে নবাবগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার বাদী হয়েছেন স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো. আলাউদ্দিন।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।