• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম


রমযানের পর শাওয়ালের ছয় রোজার ফযীলত

The Pulse BD online news desk
আপডেট টাইম: ৩০ মার্চ ২০২৬ ১১:৫১ পিএম

রমযানের পরের মাসই হলো শাওয়াল। এক মাস সিয়াম সাধনার পর কেউ যদি শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখে, তবে সে সারা বছর রোজা রাখার সমান সওয়াব লাভ করে—এটি একটি বিরাট ফযীলত, যা সহীহ হাদীসে বর্ণিত হয়েছে।
হযরত আবু আইয়ূব আনসারী (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন—
مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ، كَانَ كَصِيَامِ الدَّهْرِ
অর্থ: যে ব্যক্তি রমযানের রোজা রাখল, এরপর শাওয়ালে ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল।
— সহীহ মুসলিম, হাদীস: ১১৬৪
এই হাদীস থেকে বোঝা যায়, শাওয়ালের ছয় রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ তাআলা অল্প আমলের মাধ্যমে বান্দাদের জন্য বিপুল সওয়াবের ব্যবস্থা করে রেখেছেন—এ তারই একটি উজ্জ্বল উদাহরণ। অপরাপর একটি বর্ণনায় পাওয়া যায় ‘আল্লাহ–তাআলা শাওয়াল মাসের ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সুতরাং যে ব্যক্তি এই মাসে ছয় দিন রোজা রাখবে, আল্লাহ–তাআলা তাকে প্রতিটি সৃষ্ট জীবের সংখ্যার সমান নেকি দান করবেন, সমপরিমাণ গুনাহ মুছে দেবেন এবং পরকালে তাকে উচ্চ মর্যাদা প্রদান করবেন।’ (আল মুসনাদ)

এই ছয়টি রোজা একটানা রাখা যায়, আবার আলাদা আলাদা দিনেও রাখা যায়। তবে উত্তম হলো, যদি কারো রমযানের কাজা রোজা থাকে, তা আগে আদায় করে নেওয়া, এরপর শাওয়ালের ছয় রোজা রাখা।