পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির তরুণ পেন্ট্রা বুশিমা আমিন ইসলাম গ্রহণের মাত্র পাঁচ মাসের মধ্যেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন। অসাধারণ এই অর্জনের পর এবার সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধিত্ব করছেন তিনি।
৬ আগস্ট শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতা চলবে ১৯ আগস্ট (৬ রবিউল আউয়াল) পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চসংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ ঘটেছে।
মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর আহ্বানে ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় পেন্ট্রার। এরপর ইসলামের মূল্যবোধ, নৈতিকতা ও জীবনাদর্শ তাকে গভীরভাবে আকৃষ্ট করে। একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
পেন্ট্রার ইসলাম গ্রহণে অনুপ্রাণিত হয়ে তার বাবা-মা ও এক বোনসহ পরিবারের আরও চার সদস্যও ইসলাম গ্রহণ করেন। এরপর পবিত্র কুরআন মুখস্থ করার যাত্রা শুরু করেন তিনি।
ইসলাম গ্রহণের পর প্রবল আগ্রহ, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মাত্র পাঁচ মাসের মধ্যেই সম্পূর্ণ কুরআন হিফজ করেন পেন্ট্রা। হিফজ শেষ করার পরও তিনি নিয়মিত পুনরাবৃত্তি ও অনুশীলনের মাধ্যমে কুরআন মুখস্থের দক্ষতা এবং তিলাওয়াত আরও শুদ্ধ ও দৃঢ় করেন।
পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করার পর বুরুন্ডিতে আয়োজিত একটি জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশ নেন পেন্ট্রা। সেখানে প্রায় ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি।
জাতীয় পর্যায়ের এই সাফল্যের ফলেই সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বুরুন্ডির প্রতিনিধিত্ব করার সুযোগ পান এই তরুণ।
পবিত্র মসজিদুল হারামে আয়োজিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পেন্ট্রা।
তিনি বলেন, ইসলাম গ্রহণের মাত্র এক বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় অর্জন। একই সঙ্গে কুরআন এবং কুরআনের খাদেমদের প্রতি সৌদি আরবের নেতৃত্বের পৃষ্ঠপোষকতার প্রশংসা করেন তিনি।
এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করায় সৌদি আরবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেন্ট্রা।
আন্তর্জাতিক ইসলামি সংবাদ সংস্থা আইকিউএনএ ও সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত তথ্য অনুযায়ী, পেন্ট্রা বুশিমা আমিনের এই অনুপ্রেরণাদায়ক গল্প ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ইসলাম গ্রহণের অল্প সময়ের মধ্যেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া পেন্ট্রার এই অর্জনকে কুরআনের প্রতি ভালোবাসা, অধ্যবসায় ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
/এসএন