• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ এএম


আল্লাহর সিদ্ধান্তে ভরসাই প্রকৃত সুখ অর্জনের পথ: মসজিদে নববীর ইমাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ আগস্ট ২০২৬ ৬:১২ পিএম

মসজিদে নববীর ইমাম শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান বলেছেন, প্রকৃত সুখ অর্জনের জন্য ঈমান, সৎকর্ম, নিয়মিত নামাজ আদায় এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৭ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, মানুষের অন্তরকে হিংসা, বিদ্বেষ ও নেতিবাচক মানসিকতা থেকে মুক্ত রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, প্রকৃত পরিপূর্ণতা ও আত্মিক তৃপ্তি লাভের একমাত্র সঠিক পথ হলো পবিত্র কোরআন ও সুন্নাহর অনুসরণ।

একই দিনে মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ফয়সাল গাজ্জাবিও জুমার খুতবায় মুসলিম উম্মাহর পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। এর মাধ্যমে যেমন আল্লাহর নেয়ামত অটুট থাকে, তেমনি সমাজের বিভিন্ন ধরনের দুর্ভোগও দূর করা সম্ভব।

খুতবায় তিনি সৎকর্ম ও তাকওয়ার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি বিপদগ্রস্ত, অসহায় ও অভাবী মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসার গুরুত্বও তুলে ধরেন।

শায়খ ফয়সাল গাজ্জাবি বলেন, মুসলিমদের উচিত পরস্পরকে সহযোগিতা করা, একে অপরের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের দুর্দশা দূর করতে আন্তরিকভাবে কাজ করা।

/এসএন