প্রবাসীদের ব্যাংকিংয়ে বড় পরিবর্তন, এডি ব্যাংকেও খোলা যাবে হিসাব
প্রবাসীদের ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এ হিসাব খোলার সুযোগ পাবেন প্রবাসীরা।
নতুন নিয়মে সঞ্চয়ী, চলতি ও মেয়াদি—এই তিন ধরনের হিসাব খোলা যাবে। পাশাপাশি হিসাবের অর্থ দেশে ব্যয়, অন্য ব্যাংক হিসাবে স্থানান্তর, অনুমোদিত খাতে বিনিয়োগ এবং জমা অর্থ জামানত রেখে ঋণ নেওয়ার সুযোগও থাকছে।
নতুন ব্যবস্থায় বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাঠানো অর্থ এনআরসিটিএ হিসাবে জমা রাখা যাবে। এ ছাড়া প্রবাসীদের নিজস্ব বৈদেশিক মুদ্রার হিসাব থেকে স্থানান্তর করা অর্থও এ হিসাবে জমা করার সুযোগ থাকবে।
হিসাবে জমা অর্থ দিয়ে দেশে বিভিন্ন খরচ মেটানো, অন্য ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করতে পারবেন হিসাবধারীরা। প্রয়োজন অনুযায়ী জমা অর্থ জামানত রেখে ঋণ নেওয়ার সুবিধাও থাকছে।
নতুন নিয়মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, হিসাবের মূল অর্থের পাশাপাশি এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফাও বিদেশে পাঠানো যাবে। এতে প্রবাসীরা দেশে অর্থ জমা রাখা এবং প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।
এ ছাড়া প্রবাসীদের ব্যাংকিং সেবা আরও সহজ করতে অনলাইনে হিসাব খোলা এবং ই-ব্যাংকিং সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এর ফলে বিদেশে অবস্থান করেও প্রবাসীরা সহজে নিজেদের ব্যাংক হিসাব পরিচালনা ও প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে প্রবাসীদের দেশে অর্থ রাখা, বিনিয়োগ করা এবং প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
/এএসএফ