• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম


১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ অক্টোবর ২০২৬ ৭:৪০ পিএম

সৌদি আরবের বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (৩ সেপ্টেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থা যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন ধরনের আইন ভঙ্গের অভিযোগে মোট ১১ হাজার ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আবাসিক আইন ভঙ্গের অভিযোগে, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন ভঙ্গের দায়ে আটক হয়েছেন।অভিযানের পর যাচাই-বাছাই শেষে প্রায় ২০ হাজার মানুষকে প্রয়োজনীয় ট্রাভেল পাস বা ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও প্রায় ৪ হাজার প্রবাসীর দেশ ছাড়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে আইন ভঙ্গের অভিযোগে ৩২ হাজারেরও বেশি প্রবাসী আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন।অভিযান চলাকালে সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও ৩২ জনকে আটক করা হয়েছে।এ ছাড়া অবৈধ প্রবাসীদের যাতায়াত, আশ্রয় দেওয়া কিংবা কোনো ধরনের কাজে সহায়তা করার অভিযোগে ১৯ জনকে শনাক্ত করেছে প্রশাসন।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, তাদের যাতায়াতে সহায়তা করা কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাড়িঘরও বাজেয়াপ্ত করা হতে পারে।এ ধরনের কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা নজরে এলে দ্রুত পুলিশ অথবা সংশ্লিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করে কর্তৃপক্ষকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: গালফ নিউজ

/বিএসএস