দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের বাসিন্দা। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), আলী মিয়ার ছেলে আপন আহমেদ (২৩) এবং মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ (৫৫)। একই ইউনিয়নের তৈলখিরার চর গ্রামের ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল (২৬), বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া গ্রামের মৃত সালাম ব্যাপারীর ছেলে মো. রাজিক (৫৫) নিহতদের মধ্যে রয়েছেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, কুইন্সটাউনের শ্রম এলাকায় একটি সুপারশপে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আগুন লাগে। আগুনের সময় দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা বাংলাদেশিরা বের হতে না পেরে দগ্ধ হন। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
আলীরটেক ইউনিয়নের সদস্য (মেম্বার) রওশন আলী বলেন, নিহত ছয়জনের মধ্যে চারজন তার ইউনিয়নের বাসিন্দা। তারা একে-অপরের আত্মীয়। তিনি জানান, বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন মাধ্যমে কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর তারা জানতে পেরেছেন। নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের আলীরটেক ও বক্তাবলী এলাকার বাসিন্দা রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
/এএসএফ