• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম


নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমনের আগেই রূপগঞ্জে এনসিপির মঞ্চ ভাঙচুর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুন ২০২৬ ১০:১৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা মঞ্চ, প্যান্ডেল, চেয়ার-টেবিলসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিত থাকার কথা ছিল।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘ফল উৎসব’ আয়োজনের প্রস্তুতি চলছিল। অনুষ্ঠান শুরুর ঠিক আগে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতাকর্মীরা। তাদের দাবি, এর আগের দিন শুক্রবারও একই স্থানে আরেক দফা হামলার ঘটনা ঘটেছিল।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। এ উপলক্ষে কয়েকদিন ধরে কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছিল।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ৮টার দিকে মোটরসাইকেলের বহর নিয়ে একদল ব্যক্তি ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্রের মহড়া দেয় এবং নির্মাণাধীন মঞ্চ ও প্যান্ডেলে ভাঙচুর চালায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের সহায়তায় এনসিপির নেতাকর্মীরা পুনরায় অনুষ্ঠানস্থল প্রস্তুতের কাজ শুরু করেন।

তবে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আবারও ৫০ থেকে ৬০টি মোটরসাইকেলে করে একদল লোক ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করা হয়। তাদের হাতে দেশীয় ও ধারালো অস্ত্র ছিল বলে দাবি করা হয়েছে। তারা মঞ্চে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় মঞ্চের সামনে রাখা চেয়ার-টেবিল ভেঙে ফেলা হয় এবং প্যান্ডেলও খুলে ফেলা হয়। ঘটনায় উপস্থিত লোকজন ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছোটাছুটি করেন।

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ছাত্রদলের কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে এ হামলা ও ভাঙচুর চালিয়েছে। তাদের দাবি, পুলিশের উপস্থিতিতেই হামলাকারীরা প্রকাশ্যে তাণ্ডব চালিয়েছে এবং নেতাকর্মীদের ওপর হামলা করেছে। তারা এ ঘটনাকে রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন।

ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির উদ্যোগে একটি ফল উৎসব হওয়ার কথা ছিল। শুক্রবার তাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়। শনিবার সকালে পুনরায় স্টেজ ও প্যান্ডেল নির্মাণ করা হলে সেটিও আবার ভেঙে ফেলা হয় এবং মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করা হয়। তিনি আরও দাবি করেন, হামলায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং কেউ কেউ রক্তাক্ত হয়েছেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা বিএনপির কেউ নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মেহেদী ইসলাম জানান, এনসিপির একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আয়োজকরা নির্বিঘ্নে তাদের কর্মসূচি পালন করতে পারবেন।

/এসএন