ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। একই সঙ্গে আওয়ামী লীগের মতো পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীতে রূপান্তরের চেষ্টাও চলছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলা আদালতগুলোতে কী ধরনের রায় হবে কিংবা কে জামিন পাবেন—এসব বিষয়ও ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার ভাষ্য, স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ ইতোমধ্যে শুরু হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল পুলিশ জনগণের বাহিনী হিসেবে কাজ করবে। কিন্তু বাস্তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দলীয় সমর্থকের ভূমিকায় দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গত ২২ মে ঝিনাইদহে এনসিপির এক কেন্দ্রীয় নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনাকে কেন্দ্র করে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। ছাত্রদলের করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবসহ কয়েকজনকে আটক করে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদ জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগ, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে, তাহলে জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, “আজ আমরা নিজেরাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছি। অথচ জুলাই গণ-অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না।”
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ও মুখ্য সমন্বয়কও বক্তব্য দেন। পরে দলটির নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
এদিকে, ছাত্রদল নেতার দায়ের করা মামলায় রোববার গ্রেপ্তার হন এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা। সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
/এসএন