• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম


ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে হামলার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ মে ২০২৬ ৪:২৩ পিএম

ঝিনাইদহে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হকিস্টিক দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাকে কিল-ঘুষিও মারা হয়েছে বলে দাবি করেন তিনি।

এরই মধ্যে ঘটনাকে কেন্দ্র করে ডিম নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে শহরের পৌর কালেক্টর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

শুক্রবার বিকেল ৩টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই তাদের ওপর হামলা চালানো হয়।

তিনি অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হামলাকারীরা হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালায়।

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, এ ঘটনায় তিনজনের মাথা ফেটে যায় এবং আরও বেশ কয়েকজন আহত হন। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাসহ কয়েকজন নেতাকর্মীকে লক্ষ্য করে কিল-ঘুষি মারেন।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, হামলার সময় কয়েকজনের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়েছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান পাটওয়ারী। একই সঙ্গে থানার সামনে আবারও হামলার আশঙ্কার কথাও উল্লেখ করেন তারা।

তবে এ বিষয়ে ছাত্রদল, যুবদল কিংবা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের বক্তব্যও এখন পর্যন্ত জানা যায়নি।