• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫২ এএম


সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ মে ২০২৬ ১০:০৬ পিএম

সীমান্ত হত্যা বন্ধ করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ভারত থেকে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে অস্থির করার চেষ্টা করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে পারলেই সীমান্ত হত্যা বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “ভারতের বর্বর ও খুনি বাহিনী আমাদের খাদিমুলকে শহীদ করেছে। তারা বাংলাদেশের মানুষের ওপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে। পরিকল্পিতভাবে সীমান্ত এলাকায় মাদক ও ইয়াবা সরবরাহ করে যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা করছে ভারত।”

এনসিপির এই নেতা আরও বলেন, সম্প্রতি কসবাতেও কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু সরকার এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নিহত খাদিমুলের বাবা জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে তার ছেলে নিহত হয়েছেন। অথচ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফের বক্তব্যেরই প্রতিফলন দেখা গেছে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, “আমরা মনে করি বাংলাদেশের সাধারণ মানুষ চোরাচালান করে না। সীমান্ত এলাকার মানুষ প্রতিনিয়ত অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছেন।”

ঐতিহাসিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, তখন শেখ মুজিবের গুন্ডাবাহিনী ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে সরকারকে ডিস্টার্ব করেছিল। এখন শেখ হাসিনা একইভাবে ওপারে বসে বাংলাদেশের মানুষকে অস্থির করার চেষ্টা করছেন। এমনকি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়ে সীমান্তে পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।”

সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এযাবৎ সীমান্তে যত মানুষ শহীদ হয়েছেন, সরকারকে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে প্রতিটি সীমান্ত-শহীদ পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।”

তিনি পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত পরিস্থিতির কথা উল্লেখ করে দ্রুত ‘রেড অ্যালার্ট’ জারির আহ্বান জানান। পাশাপাশি সীমান্তবাসীকে নিজেদের নিরাপত্তার জন্য সংঘবদ্ধ হওয়ার পরামর্শও দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “সরকার নিশ্চুপ ভূমিকা পালন করছে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আমাদের দায়িত্ব দিক। আমরা সরকারে এলে ইনশাআল্লাহ সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করব।”

/এসএন