শহীদ শরীফ ওসমান হাদির রক্তের সঙ্গে বর্তমান সরকার বেইমানি করেছে বলে অভিযোগ করেছেন মাসুমা হাদি। তিনি বলেন, “এই সরকার শহীদদের রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছে, কিন্তু পরে সেই রক্তের মর্যাদা রক্ষা করেনি।”
রোববার বেলা ১১টার দিকে বরিশাল নগরীর সদর রোডের টাউন হলের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ভারতে সংখ্যালঘু মুসলিম নিধন, সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ‘বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের’ ব্যানারে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাসুমা হাদি বলেন, “আপনারাও যদি মনে করেন ভারতের তাঁবেদারি করে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকবেন, তাহলে জনগণ তা মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না করা মানে ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করা। ওসমান হাদি হত্যার বিচার না করে মানুষকে বিভিন্ন ইস্যু দিয়ে ভুলিয়ে রাখা সম্ভব নয়।”
তারেক রহমানকে উল্লেখ করে মাসুমা হাদি বলেন, “প্রথমে লন্ডন থেকে দেশে এসে তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেছিলেন। কিন্তু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেও আর কবর জিয়ারত করেননি। এই প্রশ্ন শুধু আমার না, পুরো বাংলাদেশের।”
নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, সকালে হোয়াটসঅ্যাপে তাকে কর্মসূচিতে না আসার হুমকি দেওয়া হয়েছে।
মাসুমা হাদি বলেন, “আমাকেও গুলি করে হত্যা করা হতে পারে, যাতে ওসমান হাদির বিচারের দাবিতে কেউ আওয়াজ না তোলে।”
/এএসএফ