• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৮ এএম


গাজীপুর সিটি করপোরেশন ভোটে প্রার্থী ঘোষণা জামায়াতের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ১১:৩৪ পিএম

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের নামও প্রকাশ করা হয়েছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ড. মুহাম্মদ হাফিজুর রহমান।

প্রার্থিতা ঘোষণার বিষয়টি নিশ্চিত করে তিনি যুগান্তরকে বলেন, “আমরা গাজীপুরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানে বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও জনসমর্থন নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের গঠনমূলক আলোচনার বিষয়ও উঠে আসে। পরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

গাজীপুর মহানগর জামায়াত ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মো. জামাল উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক মুহাম্মদ আব্দুর রব এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী।

এ ছাড়া গাজীপুর জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসএন