• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:৪৩ পিএম


চরাঞ্চলের মানুষের জন্য ফ্রী অ্যাম্বুলেন্সের ঘোষনা দিলেন জামায়াত এমপি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ১১:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন নুরুল ইসলাম বুলবুল।

বুধবার নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য।

তিনি বলেন, সদর উপজেলার চর-আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবি এবং নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ সেবা চালু করা হয়েছে।

নুরুল ইসলাম বুলবুল জানান, এতদিন চরাঞ্চলের অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে ছোট বা বড় নৌকা ভাড়া করতে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত খরচ হতো। অনেক ক্ষেত্রে যাত্রীবাহী নৌকায় রোগী নিতে পুরো নৌকা ভর্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতো।

তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, সময়মতো চিকিৎসা না পেয়ে মাঝ নদীতেই অনেক রোগীর মৃত্যু হয়েছে।”

নতুন চালু হওয়া নৌ-অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, রোগীর বেড, প্রেসার মাপার যন্ত্র ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থাসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখা হয়েছে।

এছাড়া নদীপথ পাড়ি দেওয়ার পর রোগীদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিতে ফ্রি স্থল অ্যাম্বুলেন্স সেবাও চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ চরাঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/এএসএফ