• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম


আইজিপিকে ‘নতুন বেনজীর’ বললেন নাসীরুদ্দীন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ অক্টোবর ২০২৬ ১১:৪২ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে ‘নতুন বেনজীর’ আখ্যা দিয়ে তাঁর ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আইজিপির বক্তব্যের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পুলিশে নতুন বেনজীর এসেছেন, যিনি সরকার নির্দেশ দিলে ক্রসফায়ার চালানোর কথা বলছেন।’ এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পুলিশের ওপর আবারও নিষেধাজ্ঞা আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে হলে আইজিপিকে তাঁর বক্তব্য প্রত্যাহার করতে হবে বলে দাবি জানান এনসিপির এই নেতা।

জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে আলোচনা করেও সমাধান না পাওয়ায় আবারও রাজপথে নামতে হয়েছে বলে জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, সরকার জনগণের সমস্যাগুলো সংসদে তুলে ধরতে বলেছিল। কিন্তু সেখানে আলোচনা করেও সমস্যার সমাধান হয়নি। এ কারণে তাঁদের আবার রাজপথে নামতে হয়েছে।

তিনি আরও বলেন, মাসে মাসে টাকা দিয়েও মানুষ গ্যাস পাচ্ছে না। এতে দেশের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। জনগণকে এভাবে কষ্ট দেওয়ার কারণেই শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সরকারদলীয় ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায় করা হচ্ছে। তাঁর অভিযোগ, আগে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠত, আর এখন একই ধরনের কর্মকাণ্ডে ছাত্রদলের নাম আসছে।

এনসিপির এই নেতা আরও দাবি করেন, সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ বিভিন্ন জায়গায় সরকারদলীয় ব্যক্তিদের অস্ত্র হাতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে কারা ডাকাত, চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ী, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর ভাষ্য, সংবাদপত্রের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সাংবাদিকেরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ‘আমার দেশ’ পত্রিকার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

/এসএন