• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম


শহীদ শিশু জাবের ইব্রাহীমের মা রোকেয়া বেগম সংসদে যাচ্ছেন জামায়াতের সংরক্ষিত আসনে

আপডেট টাইম: ২০ এপ্রিল ২০২৬ ৯:২৯ পিএম

শিশু বয়সে রাজপথে প্রাণ হারানো জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এবার সংসদে যাওয়ার মনোনয়ন পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য তাকে মনোনয়ন দিয়েছে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে প্রকাশিত তালিকায় ১১ দলীয় জোটের ১৩ জন নারী প্রার্থীর নাম আসে, যার মধ্যে রয়েছেন সাবেক স্কুলশিক্ষিকা রোকেয়া বেগম।

জানা যায়, চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিবারের সামনেই পুলিশের গুলিতে নিহত হয় তার শিশু সন্তান জাবির ইব্রাহিম। সেই ঘটনার পর থেকেই তিনি আলোচনায় আসেন।

১১ দলীয় জোটের সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে জামায়াত থেকে ৮ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ১ জন এবং জুলাই শহীদ পরিবারের একজনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৭৭টি আসনে জয় পাওয়ায় জোটটি সংরক্ষিত নারী আসনে মোট ১৩টি আসন পেয়েছে। অন্যদিকে, ৫০টি নারী আসনের মধ্যে ৩৬টি পেয়েছে বিএনপি, যারা একই দিনে তাদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে।

জামায়াতের মহিলা বিভাগের সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ পাওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মাহফুজা সিদ্দিকা, নাজমুন নাহার নীলু, সাজেদা সামাদ, মারদিয়া মমতাজ, মাহমুদা আলম মিতু, মনিরা শারমিন, তাসমিয়া প্রধান, সামসুন নাহার, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।