দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন ছিল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় রুহুল কবির রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান ছিলেন অর্থনীতির একজন দক্ষ ব্যবস্থাপক। তার সময়ে টাকা পাচার বন্ধ হয়েছিল বলেও দাবি করেন তিনি। রিজভীর ভাষায়, ‘অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান এমন একজন অর্থনীতির ব্যবস্থাপক ছিলেন, যিনি টাকা পাচার বন্ধ করেছিলেন। সারা বিশ্বে অভিনন্দিত হয়েছেন। অর্থমন্ত্রী হিসেবে তার সুপার ক্যাপাসিটি ছিল। তার কৃষি অর্থনীতির কর্মসূচিগুলো দেশে কার্তিক মাসের অভাবের সময় দূরীভূত করেছে।’
বিগত ১৭ বছরে ব্যাংক লুট করে অর্থ নিয়ে যাওয়ার যে সিন্ডিকেশন দেখা গেছে, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে এমন ঘটনা শোনা যায়নি বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে ব্যাংক লুট করে টাকা নিয়ে যাওয়ার যে সিন্ডিকেশন দেখেছি, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন তখন টাকা লুটপাট, পাচারের কথা শুনিনি। এমনকি ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে সরকারের বাজেট ঘাটতি পুরণ করার কথা শুনিনি।’
রিজভী অভিযোগ করে বলেন, পরবর্তী ১৭ বছর ছিল লুটপাটের বাজেটের সময়। তার ভাষায়, গোটা দেশকে অর্থনৈতিকভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে, স্থানীয় ভাষায় যাকে ‘ফোকলা করে দেওয়া’ বলা হয়।
বিএনপির আমলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির আমল সব সময় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন।’
এম সাইফুর রহমানের অবদানের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলে তখন শেয়ার বাজার লুট হয়নি। এটি তার বিশাল অবদান। দেশের অর্থনীতিকে একটি মজবুত জায়গায় নিতে সাইফুর রহমানের বিশাল অবদান ছিল।’
রিজভী বলেন, ‘একটি দেশ কৃষি অর্থনীতির ওপর ভিত্তি করে সমৃদ্ধির দিকে যাবে এটা কেউ ভাবতে পারেনি। অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান পেরেছিলেন। আজকে দেশের অর্থনীতির যে ভীত তা সাইফুর রহমানের একক অবদান। সামাজিক সুরক্ষা ধারণা এদেশে প্রথম দিয়েছিলেন সাইফুর রহমান।’
তিনি আরও বলেন, বাংলাদেশ আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে—এমন প্রত্যাশা সবার রয়েছে।
/এসএন