জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এভাবে চলতে থাকলে সরকারকে গণ-আন্দোলনের মুখে পড়তে হবে।বুধবার (২৬ আগস্ট) বিকেলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ২৯ মিন্টো রোডের বাসভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম আগামী ৩০ আগস্টের লংমার্চে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।তিনি বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকার এখন পুরো উল্টো পথে হাঁটছে। দেশের বর্তমান পরিস্থিতি এভাবে চলতে থাকলে সরকারকে গণ-আন্দোলনের মুখোমুখি হতে হবে।বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে সৃষ্ট জনদুর্ভোগ এবং এই পরিস্থিতিতে বিরোধী দলগুলোর করণীয় নিয়েও আলোচনা হয়েছে।বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেসব আইন নিয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছিল, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও সরকার ব্যর্থ হয়েছে।তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের স্বার্থে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে।
/বিএসএস