ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দলীয় আসন সংখ্যার অনুপাতে জোটটি মোট ১৩টি সংরক্ষিত আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে। আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এসব প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, জামায়াত থেকে ৮ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ১ জন এবং জুলাই আন্দোলনের এক শহীদ পরিবারের সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জামায়াতের মনোনীত প্রার্থীরা হলেন—নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম এবং ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ।
এনসিপি থেকে মনোনীত হয়েছেন মনিরা শারমিন ও ডা. মাহমুদা আলম মিতু।
জাগপা থেকে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন।
এছাড়া বিশেষভাবে মনোনয়ন দেওয়া হয়েছে জুলাই আন্দোলনে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়লাভ করে। সে অনুযায়ী সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে এই জোট পেয়েছে ১৩টি আসন। অন্যদিকে বিএনপি জোট পেয়েছে ৩৬টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রয়েছে ১টি আসন।
জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং ইতোমধ্যে প্রার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ সময় ঘনিয়ে আসায় জোটের শরিক দলগুলো তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।