ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গেও প্রতারণা করা হয়েছে। তার ভাষায়, সরকার সারা দেশে দলীয়করণ করছে। প্রশাসনের সব পর্যায়েই দলীয়করণ করা হচ্ছে এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দেওয়ার মাধ্যমে একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই দলীয় প্রার্থীর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করছেন। যেখানে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই এবং কারা কীভাবে ভোট দেবে, সেটিও আগে থেকেই নির্ধারিত করে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার গণতন্ত্রের পক্ষে রয়েছে বলে তারা মনে করছেন না।
নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য থাকার কথা, দেশ সেই ধরনের ভারসাম্যের দিকে এগিয়ে যেতে পারছে না।
তবে গণতন্ত্রের প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বলে জানান তিনি। তার মতে, জনগণের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া এবং রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার উদ্দেশ্যেই বিরোধী দল প্রার্থী দিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, সরকার প্রয়োজনীয় সংস্কার না করলেও বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। এর ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আলোচনা তৈরি হবে, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিরোধী দলের অবস্থানও স্পষ্ট হবে।
/এসএন