হবিগঞ্জে লোডশেডিং, গ্যাস সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে ‘সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে’ বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করা হয়।
আটক অপর দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মীর্জা সুমন ও রকি। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।
ওসি জাহিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনও মামলা করা হয়নি।’
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে চলা গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তি তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানের দাবিতে ‘সর্বস্তরের ছাত্র-জনতাকে’ সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল।
তবে মিছিল শুরু হওয়ার আগেই তিন নেতাকে পুলিশ আটক করায় ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
/এসএন