• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম


দক্ষিণ কোরিয়ায় ইউনেস্কোর পক্ষ থেকে আমন্ত্রণ পেলেন আসিফ মাহমুদ

আপডেট টাইম: ১৮ এপ্রিল ২০২৬ ৯:০৭ পিএম

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম (WHRCF) ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি ইউনেস্কো-এপিসিআইসি (এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অন্তর্ভুক্তিমূলক শহর জোট) এর পক্ষ থেকে তাকে এই আমন্ত্রণ জানানো হয়। আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট সেশনে অংশ নিতে তার নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থা জিআইসি’র অধীন ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্কারের পাঠানো ইমেইলে এই আমন্ত্রণ নিশ্চিত করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, ইউনেস্কো-এপিসিআইসি এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে। শহরগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক নগর ব্যবস্থাপনার অভিজ্ঞতা বিনিময়ই এই ফোরামের মূল উদ্দেশ্য।

আমন্ত্রণপত্রে বলা হয়েছে, আসিফ মাহমুদের অংশগ্রহণ এই সেশনে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে এবং শহরগুলোর মধ্যে সহযোগিতা ও অংশগ্রহণ আরও জোরদার করবে।

উল্লেখ্য, ইউনেস্কো-এপিসিআইসি হলো ইউনেস্কোর অন্তর্ভুক্ত একটি আঞ্চলিক জোট, যা ২০০৬ সাল থেকে বিশ্বজুড়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়নে কাজ করছে।