• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম


তসলিমা নাসরিনকে দেশে ফেরাতে আলাদা উদ্যোগ নেবে না সরকার!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ৭:৫৯ পিএম

ভারতে অবস্থানরত লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনতে সরকার থেকে কোনো বিশেষ উদ্যোগ নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. জাহেদ উর রহমান বলেন, তসলিমা নাসরিন যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে তাকে প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে। এরপর বিদ্যমান আইন অনুযায়ী সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, অতীতে নিজের ওপর নিপীড়নের যে অভিযোগ তসলিমা নাসরিন বিভিন্ন সময় তুলে ধরেছেন, দেশে ফিরে সেসব বিষয়ে আদালতের শরণাপন্ন হতে চাইলে আইন অনুযায়ী তার সেই সুযোগ থাকবে। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়। ফলে ভুক্তভোগী হিসেবে তিনি চাইলে সংশ্লিষ্ট বিষয়ে আদালতে মামলা করতে পারবেন।

উল্লেখ্য, বিতর্কিত মতামত ও লেখালেখিকে কেন্দ্র করে প্রায় দুই দশক আগে বাংলাদেশ ছাড়েন তসলিমা নাসরিন। পরে তিনি ভারতে আশ্রয় নেন। ২০০৭ সালে নতুন করে বিতর্কের পর পশ্চিমবঙ্গ ছেড়ে নয়াদিল্লিতে বসবাস শুরু করেন। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি সেখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশে ফিরতে না পারার আক্ষেপও প্রকাশ করেন এই লেখিকা।

/এএসএফ