• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ এএম


হবিগঞ্জে এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ১:০১ পিএম

বাংলাদেশের হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি এবং পৌর বিএনপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ সংক্রান্ত আদেশ জারি করেন।আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার আয়োজন করেছে। একই সময়ে ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।

জেলা প্রশাসনের মতে, উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।আদেশে আরও বলা হয়, হবিগঞ্জ পৌর এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জনস্বার্থে অত্যন্ত প্রয়োজন।

এ পরিস্থিতিতে জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, যেকোনো ধরনের উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহার এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

/বিএসএস