বাংলাদেশসহ ৬০টি দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ ও ১২ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে।গত বৃহস্পতিবার প্রকাশিত ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে নতুন শুল্ক কাঠামোর ঘোষণা দেওয়া হয়। অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর নতুন এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর বৈশ্বিক বাণিজ্যে যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, এটিকে তারই সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ এই নতুন শুল্কের আওতায় পড়বে। তবে তেল ও গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যপণ্যসহ বেশ কয়েকটি পণ্যকে এ শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, বিদ্যমান আমদানি শুল্কের সঙ্গে অতিরিক্ত এই শুল্কও আদায় করবে যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্ষ। উদাহরণ হিসেবে, বাংলাদেশের পণ্যের ওপর বর্তমানে গড়ে ১৫ শতাংশ শুল্ক রয়েছে। এর সঙ্গে নতুন ১০ শতাংশ শুল্ক যুক্ত হওয়ায় মোট শুল্কের হার দাঁড়াবে ২৫ শতাংশ। অন্যান্য দেশের ক্ষেত্রেও একই পদ্ধতিতে নতুন শুল্ক কার্যকর হবে।
/এএসএফ