• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১২:১৬ এএম


‘হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী; কিন্তু চাঁদাবাজি ব্যবসায়ী নই’—নাসীরুদ্দীন পাটওয়ারী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ জুলাই ২০২৬ ৪:৩১ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের ‘জুলাই ব্যবসায়ী’ বলা হলেও তারা কখনোই চাঁদাবাজি, সন্ত্রাস বা গুন্ডাতন্ত্রের রাজনীতি করেন না।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর বগুড়া মহানগরীর জিরো পয়েন্ট সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের বলা হয় জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাদী ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী। তবু আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না।’

তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে দেশের অনেক ব্যবসায়ী নানা ধরনের চাপের মধ্যে ব্যবসা পরিচালনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার সময় যুবলীগ ও ছাত্রলীগের কারণে অনেক ব্যবসায়ী স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারেননি। নতুন বাংলাদেশে চাঁদাবাজিমুক্ত পরিবেশের প্রত্যাশায় তারাও জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন।

তবে ৫ আগস্টের পরও ব্যবসায়ীদের দুর্ভোগ কমেনি বলে দাবি করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলের চেয়েও যে বিএনপির ভাইদের আমরা উদ্ধার করতে গেলাম তারা নতুন করে জুলুম চাপিয়ে দিলো। আগে যদি ১০০ টাকা চাঁদা দিতে হতো, এখন ২০০ টাকা চাঁদা দিতে হয়। এই হলো আমাদের নতুন বাংলাদেশ।’

শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ওই সময় তাদের ‘হাদী ব্যবসায়ী’ ও ‘জুলাই ব্যবসায়ী’ বলে কটাক্ষ করা হয়েছিল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আরে ভাই, হ্যাঁ, আমরা হাদী ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী। আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না, আমরা গুন্ডাতন্ত্র কায়েম করি না, আমরা সন্ত্রাস কায়েম করি না।’

/এসএন