• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০২:১৩ এএম


চট্টগ্রামের হামলা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান: ‘এদের খুঁটির জোর কোথায়?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ৮:৫৪ পিএম

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষকে এখন নিজেদের নিরাপত্তার বিষয়েও ভাবতে হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের যদি কোনো সামাজিক বা রাজনৈতিক পরিচয় থেকে থাকে, তাহলে তা জনসমক্ষে প্রকাশ করা উচিত। একই সঙ্গে দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তবে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করে তিনি লিখেছেন, ‘লক্ষণ খুব ভালো নয়।’

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সরকার কার্যকরভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। ফলে আত্মরক্ষার জন্য মানুষকে নিজেরাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে হচ্ছে। পাশাপাশি দেশে একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রামের ওই হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে পোস্টের শেষদিকে ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’

/এসএন