• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৬ পিএম


বিচার শেষ না হওয়া পর্যন্ত আ.লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: জাহেদ উর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১১:০৮ পিএম

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে। তবে দলটি সম্পূর্ণ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) নেবে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ সংগঠন হিসেবে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। তবে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

তিনি বলেন, “আওয়ামী লীগ যদি কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করে, তাহলে তারা আইন ভঙ্গ করবে। সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নেবে।”

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, দলটি নিষিদ্ধ হবে কি হবে না, তা আদালতের বিষয়। বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।

তথ্য উপদেষ্টা দাবি করেন, মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো নৈতিক অবস্থান নেই। তিনি বলেন, “যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, লুটপাট ও অনিয়মের সঙ্গে জড়িয়েছে, তাদের নৈতিক সাহস থাকার কথা নয়। জনগণের শক্তির সামনে তারা টিকতে পারবে না।”

ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বড় ধরনের সাংগঠনিক সক্ষমতা না থাকলেও তাদের কাছে বিপুল পরিমাণ অবৈধ অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে যাতে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা সৃষ্টি করতে না পারে, সে কারণেই কিছু এলাকায় সেনা মোতায়েন রাখা হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে, তাই অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এমন কেউ যদি কোনো অপরাধে অভিযুক্ত না হন বা তার বিরুদ্ধে মামলা না থাকে, তাহলে ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে কোনো দলীয় পরিচয়, ব্যানার বা স্লোগান ব্যবহার করা যাবে না।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলোকেও গণতান্ত্রিক মূল্যবোধ মেনে চলতে হয়। আদালত যে সিদ্ধান্ত দেবে, সেটি সবাইকে মেনে নিতে হবে।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন এবং তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

/এএসএফ