• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৪:১৯ এএম


সীমান্ত রক্ষায় সীমান্তের জনগণকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে: নাসিরুদ্দীন পাটওয়ারীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুন ২০২৬ ১০:৩৯ পিএম

দেশের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে সীমান্তবর্তী এলাকার জনগণকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২৪ জুন) রাজধানীর তোপখানা রোডে অনুষ্ঠিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত ইস্যু কেবল একটি রাজনৈতিক বিষয় নয়, এটি সরাসরি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত। তাই এ বিষয়ে রাজনৈতিক মতভেদ ও বিভাজন দূরে রেখে সব রাজনৈতিক শক্তি ও অংশীজনকে একটি অভিন্ন অবস্থানে পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, সীমান্তে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জনগণের সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

গোলটেবিল বৈঠকে সীমান্ত হত্যা, পুশইন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সীমান্ত পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উমামা ফাতেমাসহ বিভিন্ন তরুণ রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।

/এএসএফ