• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৩৯ এএম


কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ৯:৫৪ এএম

কক্সবাজারে দিনব্যাপী একাধিক উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

এ সময় স্থানীয় জনগণের উদ্দেশে আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন করবেন তিনি।সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে পেকুয়া উপজেলায় যাবেন তারেক রহমান।

সেখানে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।এ ছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান।বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত একটি রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

পরে চকরিয়া থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যাত্রা করবেন তিনি। সেখানে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন শেষে লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী।দিনের কর্মসূচি শেষ করে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

/বিএসএস