• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম


নিখোঁজের একদিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার ছাত্রশিবির নেতা জিসান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুন ২০২৬ ১১:৪১ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধানকে নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাত ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাকী।

জানা গেছে, উদ্ধার হওয়ার পর জিসান আহম্মেদকে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লার টাওয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ ঘটনায় শুক্রবার সকালে তার বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহমেদ রাফি দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার রাতে খবর আসে, লাকসাম জংশন এলাকা থেকে জিসান আহম্মেদ প্রধানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন।

তবে কীভাবে তিনি লাকসামে পৌঁছালেন, নিখোঁজ থাকার সময় তার সঙ্গে কী ঘটেছে কিংবা তিনি কোনো অপরাধমূলক ঘটনার শিকার হয়েছেন কি না—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাকী বলেন, জিসানের নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে উদ্ধারের ঘটনাটি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

/এএসএফ