• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম


ছয় নবজাতকের মৃ’ত্যু: আদ্-দ্বীনের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, বললেন স্বাস্থ্যমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুন ২০২৬ ৪:১৯ পিএম

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো শোকজ নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট নয়। ফলে সরকারের কাছে সেই জবাব গ্রহণযোগ্য মনে হয়নি।

তিনি জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে হাসপাতালের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, সে বিষয়েও শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা ত্রুটি, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির বিভিন্ন বিষয় উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডটি নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদের জন্য উপযুক্ত ছিল না।

তদন্তে আরও বলা হয়, ওয়ার্ডটিতে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা ছিল না এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। এছাড়া ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক ওয়ার্ডে উপস্থিত ছিলেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি সেবা নিশ্চিত করা হয়নি বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। এতে চিকিৎসা ব্যবস্থাপনার ঘাটতির বিষয়টিও সামনে এসেছে।

তদন্তে আরও উঠে আসে, জন্মের পর নবজাতকদের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং তাদের বিশেষ চিকিৎসা কিংবা ইনকিউবেটরের প্রয়োজন হয়নি। তবে পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলেও যথাযথ তদারকি ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়নি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। হাসপাতালের পক্ষ থেকে জবাব জমা দেওয়ার পর এখন পরবর্তী পদক্ষেপ নির্ধারণে প্রস্তুতি নিচ্ছে সরকার।

/এসএন