• ঢাকা
  • রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম


আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ আইনসম্মত নয়: শিশির মনির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুন ২০২৬ ৬:৩০ পিএম

ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো নোটিশকে ‘বেআইনি’ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। একই সঙ্গে তিনি এ নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর হলিডে ইন হোটেলে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিলের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে নোটিশ দিয়েছে, তা আইনসম্মত নয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি জানান, ঘটনার প্রাথমিক তদন্তে পেশাগত অবহেলার অভিযোগে দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের অবস্থান প্রসঙ্গে শিশির মনির বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং হাসপাতাল কর্তৃপক্ষ—উভয় পক্ষই চান না যে হাসপাতালটি বন্ধ হয়ে যাক কিংবা ক্ষতিগ্রস্ত হোক। তবে এ ঘটনার সঙ্গে যারা জড়িত বা দায়ী, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নিহত নবজাতকদের পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আজীবন থাকবে। পরিবারের যোগ্য সদস্যদের চাকরির সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার জন্যও দুঃখ প্রকাশ করেন শিশির মনির। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। সাংবাদিকদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে তিনি সাংবাদিকদের কাছে ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

তবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা হাসপাতাল কর্তৃপক্ষের সরাসরি বক্তব্য জানতে চাইলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

নিজের ভূমিকা সম্পর্কে শিশির মনির বলেন, “মানবিক কারণে আমি এখানে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছি।”

সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুর সবুর খানও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, এ ঘটনায় দায়ী দুই ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এ সময় নিহত নবজাতকদের একজনের বাবা হাবিবুর রহমানও বক্তব্য দেন। তিনি বলেন, এটি ছিল তার তৃতীয় সন্তান। এর আগে তার প্রথম দুই সন্তানও একই হাসপাতালে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছিল এবং সে সময় হাসপাতালের সেবায় তিনি সন্তুষ্ট ছিলেন। সেই কারণেই এবারও আদ্-দ্বীন হাসপাতালে এসেছিলেন।

হাবিবুর রহমান বলেন, তারা চান হাসপাতালের ত্রুটিগুলো সংশোধন করা হোক এবং সেবা কার্যক্রম অব্যাহত থাকুক।

/এসএন