স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান ও আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমান এবং আইএফআইসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।দুদকের অভিযোগে বলা হয়, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ব্যবসায়িক অস্তিত্বহীন, নামসর্বস্ব ও কাগজে-কলমে প্রতিষ্ঠান গঠন বা সৃজন করে পরিচালনা পর্ষদের সদস্যরা পরস্পর যোগসাজশে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন।অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি-সংশ্লিষ্ট সার্কুলার এবং আইএফআইসি ব্যাংকের সিআরএম পলিসি-২০১৭-এর নির্দেশনা ও বিধি-বিধান লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পর্যাপ্ত জামানত না থাকা সত্ত্বেও যথাযথ যাচাই-বাছাই ছাড়াই অস্তিত্বহীন, ভুয়া ও নামসর্বস্ব কাগজে-কলমের কোম্পানির অনুকূলে ঋণ অনুমোদন ও ঋণের সীমা বাড়ানো হয়।দুদকের ভাষ্য অনুযায়ী, এভাবে মোট ৫৩৮ কোটি ১৬ লাখ টাকা নগদে ট্রান্সফারের মাধ্যমে বিতরণ বা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। সুদ ও অন্যান্য চার্জসহ এতে ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৭০ লাখ টাকা।অভিযোগে আরও বলা হয়, আত্মসাৎ করা অর্থের প্রকৃতি, উৎস ও গন্তব্য আড়াল করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ টাকা নগদে উত্তোলন করে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।রেকর্ডপত্রের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্য পেনাল কোডের ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দুদক।মামলার অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান ও আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমান এবং আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমান।/এএসএফ
/বিএসএস