ফেনীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য আনা গরুর পালে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় র্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, পরিচিতদের কাছ থেকে ঋণ নিয়ে তিনি আসন্ন ঈদে বিক্রির জন্য ১০টি গরু কিনেছিলেন।
তিনি বলেন, “ফেনীর র্যাব ক্যাম্পের পাশেই গরুগুলো বেঁধে রেখে আমি নিজেই পাহারা দিচ্ছিলাম। ভোরে হঠাৎ ৪-৫ জন ব্যক্তি এসে অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।”
তিনি আরও জানান, তার চিৎকার শুনে আশপাশের লোকজন ধাওয়া করলেও ছিনতাইকারীদের আটকানো সম্ভব হয়নি।
ঋণ করে কেনা গরুটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা ফেনীতে গরু নিয়ে আসছেন। তবে প্রকাশ্যে অস্ত্রের মুখে গরু ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে অন্য গরু ব্যবসায়ীরাও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনাটি সম্পর্কে জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে কাউকে ছাড় দেওয়া হবে না।”
/এএসএফ