কোরবানির পশুর বাজারকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (২৩ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশুর হাটে অনিয়ম প্রতিরোধে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে প্রয়োজনীয় মেশিন এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে কোরবানির পশুর হাট বসতে শুরু করেছে।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর কোরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশে প্রাপ্যতা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। সে হিসাবে উদ্বৃত্ত থাকবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু।
তথ্য অনুযায়ী, এবার কোরবানিযোগ্য পশুর মধ্যে রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি গরু ও মহিষ। এছাড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি ছাগল ও ভেড়া এবং ৫ হাজার ৬৫৫টি অন্যান্য প্রজাতির প্রাণী রয়েছে।
/এসএন