চট্টগ্রামের বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রাস্তায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল থেকে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। এছাড়া সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।
পুলিশ জানায়, চেয়ারম্যান ঘাট এলাকার একটি ডেকোরেশনের দোকানের এক কর্মচারী চার বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ডেকোরেশনের কর্মচারীকে আটক করে। তবে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ির গতিরোধ করে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ধর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ জড়িত আসামিকে আটক করেছে। একই সঙ্গে শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আটক আসামিকে নিয়ে আসার সময় বিক্ষুব্ধ লোকজন পথ আটকে দেন। তাদের আশ্বস্ত করা হয়েছে যে, আইন অনুযায়ী আসামির বিচার হবে।